নীলফামারীতে জন্মদাত্রী মায়ের অনুপস্থিতির সুযোগে নিজের আপন মেয়েকে (১২) ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার টুপামারী শাপলা পাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস ওই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আব্দুল কুদ্দুসের স্ত্রী তার দুই কন্যাসন্তানকে স্বামীর ঘরে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে কন্যারা বাবার কাছেই বড় হচ্ছিল। গত শুক্রবার (১৫ মে) বাড়িতে কেউ না থাকার সুযোগে পাষণ্ড বাবা তার আপন মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।
নির্যাতনের শিকার শিশুটির তীব্র রক্তক্ষরণ শুরু হলে সে লোকলজ্জা ও ভয় কাটিয়ে তার আপন চাচিকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
রবিবার দুপুরে স্থানীয় উৎসুক ও ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে টুপামারী শাপলা পাড়া এলাকা থেকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং তাৎক্ষণিকভাবে নীলফামারী সদর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।