ডোমারে বিষপানে চার সন্তানের জননীর মৃত্যু
নীলফামারীর ডোমারে বিষপানে রওশন আরা (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সেটের কামাত এলাকার বাসিন্দা ও ওমর ফারুকের স্ত্রী। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানের জননী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন রওশন আরা। রবিবার (২৪ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা আগাছানাশক কীটনাশক পান করেন তিনি।
ঘটনা টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ডোমার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করে বিষক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।