“৭২ ঘণ্টার মধ্যে পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি”
চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি দিয়ে পরে চাকরিচ্যুত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এখন টেলিভিশনের সামনের এলাকা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক নেতারা, সহকর্মীরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
সোমবার (১১ মে) সকাল থেকেই কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, সাংবাদিকদের কণ্ঠরোধ ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে ফেলতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বলেন, গণমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে এর প্রভাব পুরো মিডিয়া অঙ্গনেই পড়বে।
বিক্ষোভে অংশ নেয়া সাংবাদিকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “সাংবাদিকতার কণ্ঠরোধ চলবে না”, “চাকরি নয়, ন্যায়বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি থেকে এখন টিভি কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত চার সাংবাদিককে স্বপদে বহালের দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিইউজে নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রতি এমন আচরণ শুধু অমানবিকই নয়, এটি পুরো সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক বার্তা। তাই এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।