আবেগঘন সমাপ্তিতে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

এটা আমাদেরই গল্প। নাটকটি প্রচার শুরুর পর থেকেই আলোচনায়। শুক্রবার (৮ মে) নাটকটির যাত্রা শেষ ৫২তম পর্বে। বেলা ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় শেষ পর্ব। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য ৯২ মিনিট।

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব।

সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে সিরিজটির রচয়িতা-পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘স্বপ্নের একটি কাজ ছিল, আজ শেষ হচ্ছে। পুরো সময়ে অনেক অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, চরিত্রগুলোকে দর্শকেরা নিজেদের পরিবারের অংশ ভেবেছেন। একজন নির্মাতার কাছে এর চেয়ে বড় কী হতে পারে।’

শুরু থেকেই দর্শকদের সাড়া পেয়েছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজ। এর জমজমাট প্রতি পর্বে কী ঘটে, সেসব দৃশ্য ব্যাপক আগ্রহভরে দেখেছেন দেশ-বিদেশের দর্শকেরা। এক দিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন নতুন রেকর্ড জন্ম দিয়েছে ‘এটা আমাদেরই গল্প’। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে এসেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রমী নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভাবনীয় সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে।

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’র মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। গল্পে তারা আপন দুই ভাই। ফাহাদের সাবেক প্রেমিকাকে বিয়ে করে সামির। মেয়েটির নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল।

এই ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির। ‘এটা আমাদেরই গল্প’র টাইটেল সং গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

08 May 2026

আবেগঘন সমাপ্তিতে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

www.hridoyedomar.com |
HridoyeDomar