স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, বার্ন হাসপাতালে মৃত্যুর পর ঘাতক স্বামীর ফাঁসির দাবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নং বোতলগাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ সাজু খানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বামীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিহত গৃহবধূ মোছা: বিথী আক্তার (২৫) সৈয়দপুর উপজেলার দক্ষিণ বড়বাড়ি পশ্চিম বেলপুকুর এলাকার মোঃ বাবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত সাজু খান একই উপজেলার জাম্বাবাগান এলাকার বাসিন্দা। তিনি মোঃ নজরুল ইসলাম চেল্লুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে শনিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে স্বামী সাজু খান তার স্ত্রী বিথী আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিথী আক্তার।

বিথী আক্তারের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। চার বছর বয়সী একমাত্র সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাজু খান পলাতক রয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 May 2026

স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, বার্ন হাসপাতালে মৃত্যুর পর ঘাতক স্বামীর ফাঁসির দাবি

www.hridoyedomar.com |
HridoyeDomar