চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. সেলিম (৪৩) এবং পলাশপাড়া এলাকার আব্দুল রহিমের ছেলে মো. আব্দুল্লাহ আল মানিক (২৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রথমে বুজরুকগড়গড়ি এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই অভিযানে শহরের পলাশপাড়া মহিলা কলেজ রোড এলাকা থেকে আব্দুল্লাহ আল মানিককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে আব্দুল্লাহ আল মানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।